বিশিষ্ট প্রাবন্ধিক, রাষ্ট্রচিন্তাবিদ এবং বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই। রবিবার (৫ জুলাই) দুপুরে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম। তিনি জানান, দুপুর আড়াইটা থেকে তিনটার মধ্যে অধ্যাপক ফজলুল হকের মৃত্যু হয়েছে। অধ্যাপক ফজলুল হকের পুত্রবধূ রাজিয়া রহমানও তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, রোববার দুপুরে মিরপুরের একটি রেস্তোরাঁয় খাবার খেতে গেলে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে দ্রুত তাকে কাছাকাছি একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক দীর্ঘদিন ধরে প্রাবন্ধিক, গবেষক ও রাষ্ট্রচিন্তাবিদ হিসেবে পরিচিত ছিলেন। নিরপেক্ষ রাজনৈতিক চিন্তা, সমাজ-রাষ্ট্র বিশ্লেষণ এবং বুদ্ধিবৃত্তিক অবদানের জন্য তিনি বিশেষভাবে সমাদৃত ছিলেন। বাংলা ভাষা, সাহিত্য ও রাষ্ট্রভাবনা নিয়ে তার অসংখ্য প্রবন্ধ ও গবেষণাকর্ম পাঠকমহলে প্রশংসিত হয়েছে। তার মৃত্যুতে দেশের সাহিত্য, শিক্ষা ও বুদ্ধিবৃত্তিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।